প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
পোরশায় জমে উঠেছে কোরবানির পশুর হাট
জলাশ পাহান:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলা জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার অন্যতম বড় পশুর হাট মশিদপুর, নিতপুর পুরাতন হাট ও গাংগুরিয়া হাটে এখন ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার (২৩ মে) দুপুরে মশিদপুর পশুর হাট ঘুরে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা হাজারো বিক্রেতা তাদের গরু, ছাগল ও ভেড়া নিয়ে হাটে অবস্থান করছেন। একই সঙ্গে ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে কেনাবেচার পরিমাণ আরও বৃদ্ধি পায় বলে জানান হাট সংশ্লিষ্টরা।
কোরবানির পশু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিক্রেতারা পশুর দাম তুলনামূলক বেশি চাচ্ছেন। দরদামে তেমন ছাড় না থাকায় অনেকেই পছন্দের পশু কিনতে হিমশিম খাচ্ছেন। এরপরও নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনছেন সাধারণ মানুষ।
হাট কর্তৃপক্ষ জানায়, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে পশু যাচাই-বাছাই করছেন। তারপরও প্রতিটি হাটে বেচাকেনা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে ছাগল ও ভেড়ার হাটে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে।
এদিকে হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নজরদারি। মশিদপুর পশুর হাটে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ নাবিলা ফেরদৌস উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। যাতে হাট কর্তৃপক্ষ অবৈধভাবে কোনো টোল আদায় করতে না পারে, সে বিষয়েও কঠোর অবস্থানে দেখা গেছে প্রশাসনকে।
এছাড়াও উপজেলা জনস্বাস্থ্য বিভাগ ও ভেটেরিনারি বিভাগের পক্ষ থেকে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সেবাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
© স্বত্বাধিকার : One Newz Express